
|
পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী
প্রকাশ:
১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৩ বিকাল
নিউজ ডেস্ক |
২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে যেকোনো সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বাংলাদেশের একটি মাস্টারমাইন্ড প্রকল্প পদ্মা ব্যারেজ। সেই সঙ্গে এটি দক্ষিণ, পশ্চিম ও উত্তরাঞ্চলের ২৪টি জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটাবে বলেও জানান তিনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজবাড়ীর পাংশার হাবাসপুরে এ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে এ অঞ্চলে কৃষি বিপ্লব ঘটবে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও মাছের উৎপাদন বাড়বে। এর সঙ্গে যুক্ত হবে আধুনিক প্রযুক্তির নানা সুযোগ-সুবিধা। ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে যেকোনো সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন করতে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ জেলার মানুষের অভিনন্দন জানাচ্ছি। পদ্মা ব্যারেজ হলে মানুষের অনৈতিক মানের উন্নয়ন হবে, বিদ্যুৎ উৎপাদন হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। তিনি বলেন, বিএনপি পদ্মা ব্যারেজ প্রকল্পের কথা নির্বাচন ইশতেহারে নিয়ে এসেছিলেন, এখন সেটি বাস্তবায়নের পথে নিয়ে যাচ্ছেন। পানিসম্পদমন্ত্রীর সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের এমপি হারুন-অর-রশিদ হারুন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি মো. আসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৩ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়) নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা। এসএইচ/ |