
|
‘ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না’
প্রকাশ:
১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৪ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের গোডাউনে আগুন লাগার ঘটনায় ভবনটির ফায়ার সেফটির অনুমোদন ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পাঁচতলা ভবনটির চতুর্থ তলায় থাকা এপেক্সের গোডাউনে আগুন লাগে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তিনি বলেন, গোডাউনের ভেতরে বর্তমানে আগুনের কোনো শিখা নেই, তবে ধোঁয়া রয়েছে। ধোঁয়া সম্পূর্ণ বের করে দেওয়ার পর আগুন পুরোপুরি নির্বাপণ করা হবে। আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না। তবে গোডাউনের লোকজন ফায়ার সার্ভিসকে জানিয়েছেন, বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেলে প্রথমে ধোঁয়া দেখতে পান তারা। পরে নিজেদের কাছে থাকা অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তদন্তে এসব বিষয়ও খতিয়ে দেখা হবে। গোডাউনের ফায়ার লাইসেন্স ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, প্রতিষ্ঠানটি কয়েক মাস আগে লাইসেন্সের জন্য আবেদন করেছিল। তবে ফায়ার সেফটির অনুমোদন না থাকায় তাদের লাইসেন্স দেওয়া হয়নি। ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং চতুর্থ তলার মধ্যেই তা সীমাবদ্ধ ছিল। সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তা খুব বেশি নয়। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুমে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থলে গিয়ে আগুনের পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। আইও/ |