সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৪ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় দুই সৈনিক নিহত ও এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। তিনি নিহত দুই সৈনিকের পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার প্রস্তুতিকালে তারা মৃত্যুবরণ করেছেন। তাদের এই মৃত্যু গৌরব ও সম্মানের।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্ত প্রয়োজন। এ বিষয়ে সেনাবাহিনীর অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ওপর ইসলামী আন্দোলন বাংলাদেশের আস্থা রয়েছে।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ শনাক্ত করে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আহত কর্মকর্তার সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আইও/