
|
নড়াইলে তিন দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র মোহাম্মদ আলী
প্রকাশ:
০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৫ সকাল
নিউজ ডেস্ক |
নড়াইল সদর উপজেলায় মোহাম্মদ আলী (১০) নামের এক মাদরাসাছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার স্বজনেরা নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাছিমদিয়া এলাকার ফজলুল উলুম মাদরাসা থেকে সে নিখোঁজ হয়। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোহাম্মদ আলীর সন্ধান পাওয়া যায়নি। মোহাম্মদ আলী নড়াইল সদর থানার মাছিমদিয়া গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে। সে মাছিমদিয়া এলাকার ফজলুল উলুম মাদরাসার ছাত্র। জিডি ও স্বজনদের সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে মাদরাসা থেকে নিখোঁজ হয় মোহাম্মদ আলী। এরপর স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় জিডি করা হয়। নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মাদরাসাছাত্র নিখোঁজের ঘটনায় একটি জিডি হয়েছে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। আইও/ |