
|
নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ:
০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪২ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক নেপালের জাতীয় সভার সদস্য ও জমিয়তে উলামায়ে নেপালের সভাপতি মাওলানা মোহাম্মাদ খালেদ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুতে জমিয়তে উলামায়ে নেপালের কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মাওলানা মামুনুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী এবং মাদরাসাতুর রহমানের ভাইস প্রিন্সিপাল শায়খুল হাদিস আক্তারুজ্জামান। সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও নেপালের মুসলিম জনগোষ্ঠীর বিভিন্ন বিষয়, ইসলামী শিক্ষা, দাওয়াহ এবং দুই দেশের আলেমসমাজ ও ইসলামী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠকে মাওলানা মামুনুল হক বলেন, নেপালে ইসলামী শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই। দেশটিতে মাদরাসার সংখ্যাও খুব কম। বিদ্যমান মাদরাসাগুলোর অধিকাংশই সর্বোচ্চ উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। ফলে উচ্চতর ইসলামী শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের ভারতে যেতে হয়। তিনি বলেন, এ পরিস্থিতিতে জমিয়তে উলামায়ে নেপাল ‘দারুল উলুম নেপাল’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। নেপালের প্রায় ২০ লাখ মুসলমানের কল্যাণে এই জামিয়া প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাওলানা মামুনুল হক বলেন, নেপালে ইসলামি শিক্ষার প্রসার ও উচ্চতর ইসলামি শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টিতে দারুল উলুম নেপাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় বিশ্ব মুসলিমের প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি সামর্থ্যবান ব্যক্তি, ইসলামি প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থাগুলোকে এগিয়ে আসার অনুরোধ জানান। সাক্ষাতে উভয় পক্ষ নেপাল ও বাংলাদেশের আলেমসমাজ এবং ইসলামী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। আইও/ |