
|
রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর
প্রকাশ:
০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩২ বিকাল
নিউজ ডেস্ক |
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় মো. শহিদুল করিম মানিক (৪২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) এ ঘটনাকে কেন্দ্র করে রাতে হাসপাতালের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করেন রোগীর স্বজনেরা। পরে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম মেখল আবদুর রশিদ সারেং বাড়ির মৃত নুরুচ্ছালামের ছেলে এবং সিএনজিচালিত অটোরিকশাচালক মো. শহিদুল করিম মানিককে পেটব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোগীর মৃত্যুর পর চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে তার আত্মীয়-স্বজনেরা হাসপাতালের জরুরি বিভাগ, ইনডোর ওয়ার্ড, লেবার রুমসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করেন। এ ব্যাপারে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার বলেন, রোগীকে যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপরও চিকিৎসায় কোনো অনিয়ম ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। তিনি বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়। এ সময় লেবার রুমে থাকা এক প্রসূতি মা ও নবজাতকের শরীরে জানালার ভাঙা কাচ এসে পড়ে। এতে তারা আহত হয়েছেন বলে জানান তিনি। হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুরের ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, রোগীর আত্মীয়-স্বজনের কাছে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এসএইচ/ |