
|
সাহারানপুরের মসজিদ ভাঙা নিয়ে অখিলেশের কড়া প্রতিক্রিয়া
প্রকাশ:
০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে কালেক্টরেট চত্বরের একটি প্রাচীন মসজিদ ভেঙে ফেলার ঘটনায় বিজেপি নেতৃত্বাধীন যোগী সরকারের তীব্র সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির (এসপি) জাতীয় সভাপতি অখিলেশ যাদব। তিনি দাবি করেছেন, সাহারানপুরের মসজিদ ভাঙার ঘটনা এখন আন্তর্জাতিক পর্যায়েও আলোচিত হচ্ছে এবং এর ফলে বিশ্ব অঙ্গনে ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। অখিলেশ যাদব উত্তরপ্রদেশের বিজেপি সরকার ও সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে এ ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, মসজিদ ভাঙার ঘটনায় যারা দায়ী, তাদের প্রত্যেককে চিহ্নিত করা প্রয়োজন। সরকারের কাছে যদি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম জানা না থাকে, তাহলে তাদের নাম প্রকাশে তিনি সহযোগিতা করবেন বলেও মন্তব্য করেন এসপি প্রধান। সাহারানপুরের মসজিদ ভাঙার বিষয়টি ভারতের রাষ্ট্রপতির নজরে আনতে চিঠি দেওয়ার ঘোষণা দিয়েছেন অখিলেশ যাদব। তিনি বলেন, দেশের ঐক্য ও অখণ্ডতার যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, সে জন্য রাষ্ট্রপতিকে চিঠি লিখে পুরো বিষয়টি জানানো হবে। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করবেন বলেও জানান তিনি। বিজেপি সরকারের সময় ভারতের সাংবিধানিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন অখিলেশ। তার দাবি, দেশ বর্তমানে ‘কনস্টিটিউশনাল ব্রেকডাউন’ বা সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার মতো পরিস্থিতির দিকে যাচ্ছে। তিনি রাষ্ট্রপতির কাছে সংবিধান রক্ষায় হস্তক্ষেপের আহ্বান জানান। অখিলেশ যাদব বলেন, দেশের সংবিধান ও গণতান্ত্রিক কাঠামো রক্ষায় দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখতে হবে। সাহারানপুরের মসজিদ ভাঙার ঘটনাকে তিনি এ ক্ষেত্রে গুরুতর বিষয় হিসেবে তুলে ধরেন। ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন এসপি প্রধান। বক্তব্যের শেষে তিনি বলেন, কোনো অপরাধী আজ বেঁচে গেলেও কাল রেহাই পাবে না। সাহারানপুরের কালেক্টরেট চত্বরে অবস্থিত প্রাচীন মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এরই মধ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অখিলেশ যাদবের সাম্প্রতিক বক্তব্য সেই বিতর্ককে আরও জোরালো করেছে। সূত্র: ইউএনএ নিউজ আইও/ |