
|
বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক
প্রকাশ:
০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৯ সকাল
নিউজ ডেস্ক |
মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন মসজিদের ইমাম, অপরজন মাদরাসার শিক্ষক। দুর্ঘটনায় সেই মোটরসাইকেলটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায় দ্রুতগামী বাসটি। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন—পটুয়াখালী জেলার সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেলযোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাওয়ার সময় বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি দ্রুতগতির বাসের নিচে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটিকে প্রায় আধা কিলোমিটার দূরে টেনে নিয়ে যায়। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল সাংবাদিকদের জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। আইও/ |