বাসার ছাদে বজ্রপাত, রাজধানীতে যুবকের মৃত্যু
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৭ রাত
নিউজ ডেস্ক

রাজধানীর হাজারীবাগে বজ্রপাতে যুবকের মৃত্যু এবং শিশু আহত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে হাজারীবাগ বউবাজার চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। 

মৃতের নাম রিয়াজ (১৮)। আহত হয় তার ভাতিজি অন্তরা (৪)। রিয়াজ লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী গ্রামের মো. ইউসুফের ছেলে। হাজারীবাগে একটি জুতা ও লেদার ফ্যাক্টরিতে কাজ করতেন রিয়াজ। মাঝে কিছুদিন কাজ ছেড়ে গ্রামে চলে গিয়েছিলেন। এক মাস আগে তিনি আগের কাজে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।

মৃত রিয়াজের স্বজন মো. সুমন বলেন, বৃষ্টিতে ভিজতে ছাদে গিয়েছিলেন রিয়াজ ও অন্তরা। হঠাৎ বজ্রপাতে দুজন অচেতন হয়ে পড়েন। দ্রুত তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রিয়াজকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্তরা ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাজারীবাগ থানা-পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এসএইচ/