
|
জামায়াত আমিরের আপত্তি, সংসদীয় কোনো কমিটিতে ঠাঁই হলো না গাজী নজরুলের
প্রকাশ:
০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৫ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক নৈতিক কারণে দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জাতীয় সংসদের কোনো কমিটিতে না রাখার সিদ্ধান্ত হয়েছে। তার নাম ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি’তে প্রস্তাব করা হলেও বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাতে তীব্র আপত্তি জানান। পরে তাকে বাদ দিয়েই কমিটি চূড়ান্ত করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি’ গঠন করা হয়। কমিটি গঠনের সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, নৈতিকতার কারণে কোনো সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হলে তাকে জাতীয় সংসদের কোনো কমিটিতে না রাখাই উত্তম। এতে ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত তৈরি হবে। তিনি বলেন, সংসদীয় কমিটিতে সদস্য অন্তর্ভুক্তি, পুনর্মূল্যায়ন ও অদলবদলের সুযোগ রয়েছে। তাই নৈতিকতার দৃষ্টিকোণ থেকে বহিষ্কৃত ওই সদস্যকে কোনো কমিটিতে না রাখলে তা সংসদীয় অনুশীলনের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। জামায়াত আমির আরও বলেন, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে তিনি বর্তমানে দলের সদস্য নন। এ কারণে তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘ফ্লোর ক্রসিং’ করেছেন—এমন অভিযোগ তোলার সুযোগ নেই। তিনি বলেন, ‘মহান জাতীয় সংসদের মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে যাকে নৈতিক কারণে বহিষ্কার করে চিঠি দেওয়া হয়েছে, তাকে কোনো কমিটিতে না রাখাই নৈতিকতার দিক থেকে উত্তম।’ এর আগে গাজী নজরুল ইসলামের নাম সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটিতে প্রস্তাব করা হলে বিরোধীদলীয় নেতা আপত্তি জানান। তার আপত্তির পর গাজী নজরুলকে বাদ দিয়ে কমিটি চূড়ান্ত করা হয়। জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য। নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে। এসএইচ/ |