
|
সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন নিয়ে মুফতি আব্দুল মালেকের ফতোয়া
প্রকাশ:
০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৬ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে ফতোয়া দিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। তাঁর পরিচালিত দেশের শীর্ষ ইসলামি গবেষণামূলক প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা থেকে ফতোয়াটি দেওয়া হয়েছে। ফতোয়ায় পুত্রসন্তান না থাকলে কন্যাসন্তানকে উত্তরাধিকার থেকে বঞ্চিত বা আংশিক বঞ্চিত হওয়ার পরিস্থিতি থেকে রক্ষার লক্ষ্যে ‘জীবনস্বত্ব সংরক্ষণ করে হেবা’ প্রবর্তনের যে প্রস্তাব করা হয়েছে, সেটিকে সম্পূর্ণ শরিয়তবিরোধী, বাতিল ও অগ্রহণযোগ্য বলে মত দেওয়া হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. আশিকুল ইসলাম এ বিষয়ে জানতে চাইলে মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকার আমীনুত তালীম ও প্রখ্যাত মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক শরিয়তের দলিল ও ফিকহের আলোকে এ মতামত দেন। মুফতি আব্দুল মালেকের দেওয়া ফতোয়ায় বলা হয়, প্রস্তাবিত পদ্ধতিতে জীবিত অবস্থায় দাতা সম্পত্তির ব্যবস্থাপনা ও আয় ভোগ করবেন এবং মৃত্যুর পর সম্পত্তি কন্যার কাছে চলে যাবে—এ ধরনের ব্যবস্থা শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। কারণ, এর মাধ্যমে কার্যত ইসলামি উত্তরাধিকার আইনকে পাশ কাটানোর চেষ্টা করা হয়। ফতোয়ায় বলা হয়েছে, ইসলামি উত্তরাধিকার আইন কোরআন-সুন্নাহয় সুস্পষ্টভাবে নির্ধারিত। কে কতটুকু সম্পত্তির উত্তরাধিকারী হবেন, তা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ফলে সামাজিক বাস্তবতা, পারিবারিক প্রয়োজন বা অন্য কোনো যুক্তির ভিত্তিতে নির্ধারিত মিরাসের বিধানে পরিবর্তন আনার সুযোগ নেই। ফতোয়ায় আরও বলা হয়, বাহ্যিকভাবে এটিকে ‘হেবা’ বা দান হিসেবে উপস্থাপন করা হলেও প্রকৃত বিচারে এটি উত্তরাধিকারীদের বঞ্চিত করার উদ্দেশ্যে করা একটি অবৈধ ব্যবস্থা। কারণ, প্রকৃত হেবা সম্পন্ন হলে সম্পত্তি দাতার মালিকানা থেকে বের হয়ে গ্রহীতার মালিকানায় চলে যায় এবং দাতা নিজের জন্য আজীবন ভোগের অধিকার সংরক্ষণ করতে পারেন না—এমন শর্তের সঙ্গে প্রস্তাবিত ব্যবস্থা সাংঘর্ষিক। তবে মুফতি আব্দুল মালেকের ফতোয়ায় কন্যাকে জীবদ্দশায় সম্পত্তি দেওয়ার বৈধ পথও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, কোনো ব্যক্তি জীবিত অবস্থায় তার কন্যাকে সাধারণ হেবা করতে পারেন। তবে হেবা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সম্পত্তির মালিকানা কন্যার কাছে হস্তান্তর করতে হবে। দাতা নিজের জন্য সম্পত্তির আজীবন ভোগ বা জীবনস্বত্ব সংরক্ষণের শর্ত আরোপ করলে তা শরিয়তসম্মত হেবা হিসেবে গণ্য হবে না। অর্থাৎ, কন্যাকে জীবদ্দশায় সম্পত্তি দেওয়ার সুযোগ রয়েছে; কিন্তু মৃত্যুর পর কে উত্তরাধিকারী হবে—এটি পরিবর্তন বা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে হেবার কাঠামো ব্যবহার করা শরিয়তসম্মত নয়। ফতোয়ায় উল্লেখ করা হয়, বর্তমানে অনেক পরিবারে পুত্রসন্তান না থাকলে কন্যা ও স্ত্রীর ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে দূরবর্তী আত্মীয়দের সঙ্গে পারিবারিক সম্পর্ক দুর্বল হয়ে যাওয়ায় উত্তরাধিকার বণ্টন নিয়ে বাস্তব সমস্যাও দেখা দিতে পারে। তবে এসব সামাজিক বাস্তবতা ইসলামী উত্তরাধিকার বিধান পরিবর্তনের কারণ হতে পারে না বলে ফতোয়ায় উল্লেখ করা হয়েছে। বরং শরিয়তসম্মত হেবা, জীবদ্দশায় সম্পত্তি বণ্টন এবং অন্যান্য বৈধ ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় সমাধান খোঁজার কথা বলা হয়েছে। ফতোয়ায় কোরআন-সুন্নাহর বিভিন্ন দলিল ও ইসলামী ফিকহের আলোকে বলা হয়েছে, আল্লাহ তাআলা যে উত্তরাধিকার বিধান নির্ধারণ করেছেন, তা মানুষের পছন্দ-অপছন্দ বা পরিবর্তিত সামাজিক বাস্তবতার ভিত্তিতে সংশোধন করার সুযোগ নেই। আইও/ |