
|
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
প্রকাশ:
১১ জুলাই, ২০২৬, ০৫:৪৮ বিকাল
নিউজ ডেস্ক |
লালমনিরহাটের কালীগঞ্জে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় শারমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার একটি ছাগলও ট্রেনের নিচে কাটা পড়ে। শনিবার (১১ জুলাই) দুপুরে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের কাকিনা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার কাকিনা ইউনিয়নের গোপাল রায় এলাকার বিপ্লব মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্র থেকে জানা যায়, রেললাইনের পাশে দুটি ছাগল বাঁধা ছিল। সেই ছাগল আনতে যান শারমিন। ছাগলগুলো গলার রশি কোনোভাবে রেললাইনের সঙ্গে পেঁচিয়ে যায়। রশির প্যাঁচ ছাড়াতে রেললাইনের ওপরে যান শারমিন। এ সময় ট্রেন চলে আসলে দ্রুত সরে যাওয়ার সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হয় শারমিন। তার সঙ্গে ট্রেনের নিচে কাটা পড়ে তার একটি ছাগলও মারা যায়। লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইও/ |