বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫২ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ-সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়।

চিফ হুইপ মো. নুরুল ইসলাম সংসদে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা গৃহীত হয়। কমিটির সভাপতি করা হয়েছে দিনাজপুর-৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়াকে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সরকারি দলের সংসদ সদস্য মো. শরীফুল আলম (কিশোরগঞ্জ-৬), এস এম ফয়সাল (হবিগঞ্জ-৪), মো. নাসির চৌধুরী (সুনামগঞ্জ-২), মো. আবদুল্লাহ (মুন্সীগঞ্জ-১) ও রেজেকা সুলতানা (সংরক্ষিত নারী আসন-৩৬)।

এ ছাড়া বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আফজাল হোসেন (কুষ্টিয়া-৪) ও হাফেজ মোহাম্মদ রাবিউল বাশার (সাতক্ষীরা-৩) এবং বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহবুবা হাকিম কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর সংসদীয় নজরদারি ব্যবস্থা প্রতিষ্ঠার অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হচ্ছে। এসব কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিল পরীক্ষা-নিরীক্ষা এবং সংসদে উত্থাপিত বিভিন্ন বিষয় পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ ছাড়া স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় তথ্য চাইতে এবং তাদের আওতাধীন বিভিন্ন বিষয়ে সুপারিশ করতে পারে।

জাতীয় সংসদে মোট ৫০টি স্থায়ী কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি সংসদীয় বিষয় সম্পর্কিত কমিটি। এ পর্যন্ত ২৬টি কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে ১৯টি বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

আইও/