ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব কনভেনশন সফল করার লক্ষে তৃণমূল সম্মেলন
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৬ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ যুব কনভেনশন ২০২৬ সফল করার লক্ষে ঢাকা মহানগর ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে "তৃণমূল প্রতিনিধি সম্মেলন ২০২৬" অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত সম্মেলনে শাখা সহ-সভাপতি মুফতী শওকত উসমান এর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম নাছির উদ্দীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী। 

প্রধান অতিথি তার আলোচনায় বলেন, দেশের যুবসমাজ আজ একটি আদর্শিক ও নৈতিক নেতৃত্বের সন্ধান করছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সেই যুবসমাজকে ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত করে একটি সুন্দর, সুশৃঙ্খল ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৫ সেপ্টেম্বর যুব কনভেনশন উপলক্ষে ঢাকার বুকে যুবকদের ঢল নামবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, যুবকরাই একটি জাতির সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনা। কিন্তু আজ যুবসমাজকে নানা অপসংস্কৃতি, মাদক, অনৈতিকতা ও বিভ্রান্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে তাদের সামনে ইসলামের আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে একটি সুস্পষ্ট পথনির্দেশনা তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, আগামী ৬ষ্ঠ যুব কনভেনশন ২০২৬ শুধু একটি অনুষ্ঠান নয়; বরং এটি হবে দেশের যুবসমাজের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও আদর্শিক জাগরণের এক মহাসমাবেশ। এই কনভেনশন সফল করার জন্য সংগঠনের প্রতিটি দায়িত্বশীল ও কর্মীকে তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। যুব কনভেনশন সফল করতে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। যুবকদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ইসলামী যুব আন্দোলনের বার্তা ও লক্ষ্য।

প্রধান অতিথি আনুগত্যের গুরুত্ব প্রসঙ্গে বলেন, একটি সংগঠনের সফলতা ও শক্তির অন্যতম ভিত্তি হলো সাংগঠনিক শৃঙ্খলা এবং উর্ধ্বতন দায়িত্বশীলদের প্রতি যথাযথ আনুগত্য। সংগঠনের সিদ্ধান্ত ও নির্দেশনা মেনে প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত মতামত ও পছন্দের ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ এর সাংগঠনিক সম্পাদক এইচ এম গোলাম রাব্বি, আইন ও মানবাধিকার সম্পাদক রায়হানুল ইসলাম রুহিন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ কাউসার আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম মাঝি, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মুহাম্মাদ আব্বাস উদ্দিন, উপ-সম্পাদক হাফেজ রিদওয়ান আহমেদ  প্রমুখ নেতৃবৃন্দ। 

আইও/