
|
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০
প্রকাশ:
০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৯ বিকাল
নিউজ ডেস্ক |
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজিমুদ্দিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ৫০ জন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর বাজারসংলগ্ন নাসিরনগর-সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সূত্র জানায়, বুড়িশ্বর গ্রামের নয়াবাড়ির ফজলু হক ও ডায়লাবাড়ির আবদুল আউয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় গত আগস্টে আবদুল আউয়ালের পক্ষ থেকে আদালতে একটি মামলা করা হয়। শুক্রবার সকালে ফজলু হকের পক্ষের লোকজন দাবি করেন, মামলায় উল্লেখ করা পুকুরে তাদের জায়গা রয়েছে। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে তর্কাতর্কি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাজিমুদ্দিন মাথায় টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সংঘর্ষে আহতদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এরই জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ বিষয়ে নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহান বলেন, ‘কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা সঠিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা আরো বেড়ে গেছে।’ এসএইচ/ |