
|
মস্কো বইমেলায় নজর কেড়েছে সৌদির প্যাভিলিয়ন
প্রকাশ:
০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৯ বিকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত ৩৯তম মস্কো আন্তর্জাতিক বইমেলায় প্রযুক্তিনির্ভর ইসলামি সেবার ব্যতিক্রমী আয়োজন করেছে সৌদি আরব। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে পবিত্র কোরআনের প্রকাশনার পাশাপাশি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে ৩-ডি ভার্চুয়াল হজের অভিজ্ঞতা ও বিভিন্ন ডিজিটাল সেবা। বইমেলায় সৌদি প্যাভিলিয়নের অংশ হিসেবে মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে কিং ফাহদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্সের বিভিন্ন প্রকাশনা প্রদর্শন করা হচ্ছে। সেখানে পবিত্র কোরআন মুদ্রণ, সংরক্ষণ ও বিতরণের বিভিন্ন ধাপও তুলে ধরা হয়েছে। প্যাভিলিয়নের অন্যতম আকর্ষণ হিসেবে রাখা হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিনির্ভর ৩-ডি হজের অভিজ্ঞতা। এর মাধ্যমে দর্শনার্থীরা মক্কার গ্র্যান্ড মসজিদের বিভিন্ন স্থাপনা ও বৈশিষ্ট্য ভার্চুয়ালি ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন। ইন্টার্যাকটিভ এসব প্রদর্শনী আরবি ও ইংরেজি ভাষায় উপভোগ করা যাচ্ছে। এ ছাড়া মন্ত্রণালয়ের বিভিন্ন জ্ঞানভিত্তিক ও ডিজিটাল সেবাও তুলে ধরা হচ্ছে। এর মধ্যে রয়েছে ‘রুশদ’ ও ‘কারেক্ট কোটেশন’ অ্যাপ্লিকেশন। এসব উদ্যোগের মাধ্যমে ধর্মীয় জ্ঞান ও ইসলামি সেবাকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করার দিকটি দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে। প্যাভিলিয়নে মন্ত্রণালয়ের ধর্মীয়, শিক্ষামূলক ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি সম্পর্কেও দর্শনার্থীদের জানানো হচ্ছে। পাশাপাশি ইসলাম ও মুসলিমদের সেবায় সৌদি আরবের বিভিন্ন উদ্যোগ এবং মধ্যপন্থা ও ভারসাম্যের মূল্যবোধ তুলে ধরা হচ্ছে। এদিকে সৌদি আরবের রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত সামি আল-সাদহান এবং কিং আবদুলআজিজ সেন্টার ফর কালচারাল কমিউনিকেশনের মহাসচিব আবদুল্লাহ আল-ফাওজানসহ কয়েকজন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তি মন্ত্রণালয়ের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন। মস্কো আন্তর্জাতিক বইমেলা ২ সেপ্টেম্বর শুরু হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আন্তর্জাতিক আয়োজন। সূত্র: সৌদি প্রেস এজেন্সি এসএইচ/ |