নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪০ দুপুর
নিউজ ডেস্ক

​কুমিল্লা প্রতিনিধি

​সি সি আর কুরআন একাডেমী বাংলাদেশের উদ্যোগে এবং খিদমাতুল ইসলাম পরিষদ নাঙ্গলকোট কুমিল্লার তত্ত্বাবধানে সিরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ সম্পন্ন হয়েছে।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সিরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

​মাহফিলে সভাপতিত্ব করেন নাঙ্গলকোটের প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা আবু ইউসুফ হাফি.। উদ্বোধনী বক্তব্য রাখেন খিদমাতুল ইসলাম পরিষদ নাঙ্গলকোট কুমিল্লার সভাপতি মাওলানা সাদ উদ্দীন হাফি.।

​মাহফিলে বক্তাগণ মহানবী (সা.)-এর পবিত্র জীবনীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নূরুল আমীন ভূঁইয়া বলেন, “সমাজের সর্বস্তরে মহানবী (সা.)-এর সীরাতের ব্যাপক চর্চা করতে হবে। এর মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা পাবে।”

​তিনি দেশের শিক্ষা সিলেবাস নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, “কিন্তু ৯১ পারসেন্ট মুসলমানের এ দেশের জাতীয় শিক্ষা সিলেবাসে মহানবী (সা.)-এর পবিত্র জীবনী অবহেলিত। ফলে তরুণ প্রজন্ম নীতি, নৈতিকতা ও ইসলামের শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে।”

​মুফতী বুরহানুদ্দীন বিন সাদ এবং মুফতী সাইফুল ইসলাম আযহারীর যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন শিহর জমিরিয়া মাদরাসার মুহতামিম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা নূরুল আমীন ভূঁইয়া, বিশিষ্ট দাঈ মুফতী আলমগীর হুসাইন, বেনিফিটস ফর উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী সাজ্জাদ হুসাইন রাহাত, মুফতী আবুল কাসেম নুমানী, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা শিব্বীর আহমাদসহ প্রমুখ উলামায়ে কেরাম।

​মাহফিল শেষে আলোচকদের আলোচনার ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতাদের সিরাত এবং ইসলামের মৌলিক শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ বিভিন্ন বই পুরস্কার দেওয়া হয়। এ ছাড়াও উপস্থিত তরুণ-যুবা এবং সাধারণ মুসল্লিদের মাঝে সিরাত ও ইসলামিক বই ফ্রি বিতরণ করা হয়। 

এসএইচ/