
|
বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক
প্রকাশ:
০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক সভায় সভাপতিত্ব করেন মিসরের গ্র্যান্ড মুফতি ও বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর মহাসচিবের উচ্চতর পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. নজির মুহাম্মদ আইয়াদ। ২ ও ৩ সেপ্টেম্বর কায়রোয় অনুষ্ঠিত ১১তম বিশ্ব ফতোয়া সম্মেলনের কার্যক্রমের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রাতিষ্ঠানিকভাবে ফতোয়া কার্যক্রমকে আরও উন্নত করা এবং বিশ্বের বিভিন্ন দেশের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে একাধিক কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নির্বাহী পরিষদের নতুন কাঠামো এবং এর সদস্য সংখ্যা ও পরিধি সম্প্রসারণের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। এ ছাড়া প্রতি দুই মাস অন্তর অনলাইন প্ল্যাটফর্মে মহাসচিবের উদ্যোগে নিয়মিত একটি বৈজ্ঞানিক ও গবেষণাভিত্তিক সভা আয়োজনের প্রস্তাব নিয়েও আলোচনা করা হয়। এর মাধ্যমে সমসাময়িক ফতোয়া ও চিন্তাগত বিষয় নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং বিশ্বের বিভিন্ন ফতোয়া প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ আরও জোরদার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সভায় ‘একটি আদর্শ ফতোয়া প্রতিষ্ঠান প্রতিষ্ঠার নির্দেশিকা’ শীর্ষক একটি প্রকল্পও উপস্থাপন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের জন্য তৈরি এ নির্দেশিকার লক্ষ্য হলো আধুনিক বৈজ্ঞানিক, প্রশাসনিক ও পেশাগত নীতিমালার ভিত্তিতে কার্যকর ফতোয়া প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সহায়তা করা। একই সঙ্গে বিভিন্ন দেশের পরিবেশ ও বাস্তবতার পার্থক্য বিবেচনায় নিয়ে প্রাতিষ্ঠানিক ফতোয়া কার্যক্রমের দক্ষতা ও স্থায়িত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে মহাসচিবের প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণের প্রচেষ্টাও পর্যালোচনা করা হয়। এর অংশ হিসেবে নতুন শাখা ও কার্যালয় স্থাপন, বিভিন্ন দেশের ফতোয়া প্রতিষ্ঠান, ফিকহ একাডেমি এবং ধর্মীয় ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ফতোয়া বিষয়ক ভাষা ও বক্তব্যের উন্নয়ন, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও অধ্যয়ন, উগ্রবাদ ও বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তিকে ফতোয়া কার্যক্রমে কাজে লাগানোর বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের অগ্রগতিও সভায় পর্যালোচনা করা হয়। এসএইচ/ |