মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক
​রুহামা ফাউন্ডেশন বাংলাদেশ-এর আয়োজনে দিনব্যাপী সীরাতবিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রথম রাউন্ডের ২য় পর্বে পুরস্কার বিতরণ এবং রাসুলুল্লাহ (সা.)-এর বর্ণাঢ্য জীবনী নিয়ে কনফারেন্স অনুষ্ঠিত হয়।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার গ্রীনরোড স্টাফ কোয়ার্টার মসজিদ মাদরাসা কমপ্লেক্সে এই মহতী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​কনফারেন্সে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে রুহামা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী উপস্থিত শ্রোতাদের উৎসাহিত করেন। তিনি বলেন, “আজকের ছোটরাই একদিন অনেক বড় হবে।

তিনি বলেন, শুধু বক্তব্য দেওয়া আর মুখে মুখে চর্চা করলে হবে না, বরং নবীজির (সা.) সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে।”

​প্রধান আলোচকের বক্তব্যে রুহামা ফাউন্ডেশন বাংলাদেশের আহ্বায়ক, বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি আহসান শরীফ বলেন, “রাসুলুল্লাহ (সা.)-এর ভালোবাসায় কেবল একটি দিন কিংবা বিশেষ কোনো মাস নয়, বরং ১২ মাসই নবীজির সীরাত চর্চা করা চাই।”

​তিনি বলেন, “ইসলামের সূচনাকালে বিশ্বনবী (সা.)-এর সহযোগী এবং প্রথমেই ইসলাম গ্রহণকারী ছিলেন একজন মহীয়সী নারী। তাই ইসলামে নারীদের মর্যাদা অপরিসীম।”

​বিশেষ আলোচকের বক্তব্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দফতর সম্পাদক মুফতি আফসার মাহমুদ খতমে নবুওয়াত নিয়ে বক্তব্য রাখেন। তিনি সরকারের কাছে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি জানান।

​ফাউন্ডার মেম্বার মাওলানা হাবীবুর রহমানের সভাপতিত্বে এবং টিভি উপস্থাপক মুফতি মোহাম্মদ সাঈদের সঞ্চালনায় কনফারেন্সে আরও বক্তব্য রাখেন মুফতি আবদুল কাইয়ূম হানাফি, মুফতি আনিসুর রহমান, মাওলানা ইসমাঈল হুসাইন শাহরিয়ার, মুফতি আব্দুর রহীম বিপ্লবী, মুফতি মাহবুব হাসান, মাওলানা সাইফুল্লাহ আল জাহিদ, মুফতি মুশতাক আহমাদ মাহফুজ প্রমুখ।

এসএইচ/