শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি
প্রকাশ: ০৭ জুলাই, ২০২৬, ০৮:০৯ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক:

শেয়ারবাজার থেকে নতুন করে ৭৭৫ কোটি টাকা তুলবে বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি। নতুন করে অধিকারমূলক বা রাইট শেয়ার ছেড়ে এই অর্থ তুলবে ব্যাংকটি। আজ মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় ইউসিবির রাইট শেয়ারের আবেদন অনুমোদন করা হয়। সভা শেষে বিএসইসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানিয়েছে, ব্যাংকটি তাদের বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার ইস্যু করবে। এই প্রক্রিয়ায় ব্যাংকটি ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি নতুন শেয়ার ইস্যু করবে। ইউসিবির প্রতিটি রাইট শেয়ার ইস্যু করা হবে ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে। তাতে কোম্পানিটি বাজার থেকে মোট ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এই অর্থ ব্যাংকটি তাদের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করবে।

শেয়ারবাজারে বর্তমানে ইউসিবির প্রতিটি শেয়ার ফেসভ্যালুর নিচে লেনদেন হচ্ছে। আজ মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংকটির প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৯ টাকা। ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই ব্যাংক বর্তমানে দুর্বল মানের কোম্পানি হিসেবে জেড শ্রেণিভুক্ত। ২০২৩ সালের পর ব্যাংকটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ায় এটিকে জেড শ্রেণিভুক্ত করা হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৫৫০ কোটি টাকা। রাইট শেয়ার ইস্যুর পর ব্যাংকটির মূলধন বেড়ে দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

ডিএসই সূত্রে জানা যায়, গত বছর ব্যাংকটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। পাশাপাশি অনুমোদিত মূলধনও আড়াই হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।

ইউসিবির রাইট শেয়ার অনুমোদন ছাড়াও বিএসইসির আজকের পর্ষদ সভায় ব্লু ওয়েলথ ফার্স্ট স্টাবল রিটার্ন ফান্ড নামে নতুন একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়। এই মিউচুয়াল ফান্ডের প্রাথমিক আকার নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি টাকা। তার মধ্যে ফান্ডের উদ্যোক্তা হিসেবে ব্লু ওয়েলথ অ্যাসেট লিমিটেড দেবে ৩ কোটি টাকা। বাকি ২৭ কোটি টাকা বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে ব্লু ওয়েলথ অ্যাসেট লিমিটেড।

আওয়ার ইসলাম/জেডএম