
|
একসঙ্গে দুই মাসের বেতন পাচ্ছেন এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীরা
প্রকাশ:
০৭ জুলাই, ২০২৬, ০৪:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। দীর্ঘ প্রতীক্ষার পর মে ও জুন—দুই মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক একসঙ্গে ছাড় করা হয়েছে। ফলে আগামী ৮ জুলাই (বুধবার) থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে দুই মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন তারা। মঙ্গলবার (৭ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মে ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। একই দিনে জুন ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেকও অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক এবং সোনালী ব্যাংকের নির্ধারিত কার্যালয়ে পাঠানো হয়েছে। এর ফলে এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ জুলাই থেকে নিজ নিজ ব্যাংক শাখা থেকে মে ও জুন—উভয় মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। উল্লেখ্য, মে মাসের বেতন-ভাতা নির্ধারিত সময়ে পরিশোধ না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও সমালোচনার সৃষ্টি হয়েছিল। এবার একসঙ্গে দুই মাসের বেতন ছাড় করায় তাদের সেই অপেক্ষার অবসান হলো। আওয়ার ইসলাম/জেডএম |