
|
কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ
প্রকাশ:
০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০৫ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক কওমি মাদরাসার শিক্ষার্থীদের জাতীয় ও মূলধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) এসএসসি ও এইচএসসি পর্যায়ে নতুন দুটি প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ‘এসএসসি (নিশ-৩)’ ও ‘এইচএসসি (নিশ-৩)’ নামের এ দুটি প্রোগ্রামের মাধ্যমে কওমি ধারার আগ্রহী শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার স্বকীয়তা বজায় রেখেই মূলধারার শিক্ষার সুযোগ পাবেন। এছাড়া আলিয়া ধারার ঝরে পড়া শিক্ষার্থীরাও এ প্রোগ্রামের মাধ্যমে পুনরায় শিক্ষার মূলধারায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বাউবি ঢাকা আঞ্চলিক কেন্দ্রে ‘বাউবিতে এসএসসি (নিশ-৩) ও এইচএসসি (নিশ-৩) প্রোগ্রামের সিলেবাস ও রেগুলেশন’ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীকে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে বাউবি দীর্ঘদিন ধরে কাজ করছে। শিক্ষা থেকে বঞ্চিত ও প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য দ্বিতীয়বার শিক্ষার সুযোগ সৃষ্টি করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। কওমি শিক্ষার্থীদের প্রসঙ্গে উপাচার্য বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি তাদের আধুনিক ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে এসএসসি নিশ-৩ ও এইচএসসি নিশ-৩ প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কওমি শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার স্বকীয়তা বজায় রেখেই জাতীয় ও মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন। তিনি বলেন, ‘নিশ-৩’ প্রোগ্রামের সিলেবাস ও রেগুলেশন এখনো চূড়ান্ত হয়নি। কর্মশালায় শিক্ষাবিদ, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে এগুলো আরও সমৃদ্ধ ও যুগোপযোগী করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এ প্রোগ্রাম বাস্তবায়ন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উপাচার্য আরও বলেন, এ উদ্যোগ সফল হলে বাউবির শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে নতুন অধ্যায় যুক্ত হবে। বয়স, লিঙ্গ, পেশা ও সামাজিক অবস্থান নির্বিশেষে সবার জন্য শিক্ষার সুযোগ উন্মুক্ত রেখে মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে বাউবি কাজ করে যাচ্ছে। ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছা. শিরিন সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাউবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন ওপেন স্কুলের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রাহীম। কর্মশালার সিলেবাসের সারসংক্ষেপ উপস্থাপন করেন ওপেন স্কুলের অধ্যাপক ড. মো. চেঙ্গীশ খান। অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্য দেন ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছা. শিরিন সুলতানা। পরে ধন্যবাদ জ্ঞাপন করেন বাউবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইন। বাউবির সংশ্লিষ্টরা জানান, নতুন এ উদ্যোগের মাধ্যমে বিশেষ করে কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য প্রচলিত জাতীয় শিক্ষাধারায় প্রবেশের একটি নতুন পথ তৈরি হতে পারে। একই সঙ্গে তারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আর্থ-সামাজিক জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। আইও/ |