
|
১৬ দেশের ২৫০ রাজকীয় ওমরাহযাত্রী মদিনায় পৌঁছাবেন বুধবার
প্রকাশ:
০৭ জুলাই, ২০২৬, ০৮:৩৫ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুলআজিজের উদ্যোগে পরিচালিত ‘খাদিমুল হারামাইন শরিফাইনের হজ, ওমরাহ ও জিয়ারত অতিথি কর্মসূচি’র আওতায় এ বছরের প্রথম দলে ১৬টি এশীয় দেশের ২৫০ জন নারী-পুরুষ ওমরাহযাত্রী আগামীকাল বুধবার (৮ জুলাই) মদিনায় পৌঁছাবেন। তাদের আগমন উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, মদিনায় অবস্থান শেষে অতিথিরা পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ পালন করবেন। বাদশাহ সালমানের নির্দেশনায় এ বছর তাঁর ব্যক্তিগত ব্যয়ে বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার নারী-পুরুষকে এই কর্মসূচির আওতায় ওমরাহ পালনের সুযোগ দেওয়া হচ্ছে। তারা সারা বছর চারটি দলে সৌদি আরবে পৌঁছাবেন। প্রথম দলে অংশগ্রহণকারী অতিথিরা এসেছেন ইন্দোনেশিয়া, তিমুর-লেস্তে, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান ও মঙ্গোলিয়া থেকে। ইসলামবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অতিথিদের জন্য মদিনায় একটি বিশেষ জিয়ারত ও সাংস্কৃতিক কর্মসূচি রাখা হয়েছে। এর আওতায় তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, ইসলামের ইতিহাস ও সভ্যতার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থান এবং বিভিন্ন জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন। এরপর তারা মক্কায় গিয়ে ওমরাহ আদায় করবেন। সৌদি সরকারের এই বিশেষ অতিথি কর্মসূচির উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের পবিত্র ভূমি সফরের সুযোগ করে দেওয়া, ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা এবং মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা। সূত্র: আরব নিউজ আইও/ |