‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’
প্রকাশ: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৪ বিকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ঐক্য নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের দেওয়া বক্তব্যকে স্বাগত জানিয়েছেন হরিদ্বারের অখাড়া পরিষদের সভাপতি মহন্ত রবীন্দ্র পুরী। তিনি বলেছেন, ভারতে বসবাসরত মুসলমানরা বাইরের কেউ নন, তারা ভারতীয় সমাজেরই অংশ ও ‘আমাদের ভাই’।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানে মোহন ভাগবত ধর্ম, মানবতা ও সামাজিক ঐক্য নিয়ে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলমান থাকা উচিত নয়, তাহলে তিনি প্রকৃত হিন্দু নন। তিনি ধর্মীয় বৈচিত্র্য ও মানবিক ঐক্যের ওপরও গুরুত্ব দেন।

ভাগবতের ওই বক্তব্যের পর হরিদ্বারের সাধু সমাজের পক্ষ থেকে এর প্রশংসা করেন মহন্ত রবীন্দ্র পুরী। তিনি বলেন, ভারতে বসবাসকারী মুসলমানদের সন্দেহের চোখে দেখা কিংবা তাদের বাইরের মানুষ মনে করা উচিত নয়। বরং তাদের সঙ্গে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।

মহন্ত রবীন্দ্র পুরী বলেন, ঈশ্বর ও খোদার উপাসনার পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু মানুষের চূড়ান্ত লক্ষ্য এক। তাই সমাজে ধর্মীয় বিদ্বেষ, বিরোধ ও সংঘাতের পরিবর্তে মানবতা, ভালোবাসা ও ঐক্যকে গুরুত্ব দেওয়া উচিত।

তিনি আরও বলেন, সব মুসলমানকে একই দৃষ্টিতে দেখা ঠিক নয়। সমাজে এমন অনেক মানুষ রয়েছেন, যারা পারস্পরিক ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করেন। তাই মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা জরুরি।

মোহন ভাগবতের বক্তব্যকে ‘সমাজকে ঐক্যবদ্ধ করার বার্তা’ হিসেবে উল্লেখ করে মহন্ত রবীন্দ্র পুরী বলেন, পারস্পরিক বিরোধ ও বিদ্বেষকে পেছনে রেখে একে অপরকে আপন করে নেওয়ার সময় এসেছে।

মোহন ভাগবতের বক্তব্য ও মহন্ত রবীন্দ্র পুরীর মন্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে হিন্দু-মুসলিম সম্প্রীতি, সহাবস্থান ও ধর্মীয় সহনশীলতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: ইউএনএ নিউজ

আইও/