
|
‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার
প্রকাশ:
০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৬ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং ইসলামি সংস্কৃতিচর্চায় উৎসাহিত করতে জনপ্রিয় ইসলামি সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্নসিঁড়ি সাংস্কৃতিক ফোরাম’ আয়োজন করছে নাতে রাসুল প্রতিযোগিতা ‘গানের বুলবুল’ ২০২৬। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পবিত্র ওমরাহ পালনের সুযোগসহ থাকছে লক্ষাধিক টাকার আকর্ষণীয় পুরস্কার। আয়োজক সংগঠনের প্রধান পরিচালক হুমায়ুন কবির শাবিব জানান, ৫ থেকে ১৫ বছর বয়সী যেকোনো শিশু এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের ‘ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুলতুলি, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি’ অথবা পছন্দের যেকোনো নাতে রাসুল খালি গলায় গেয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে পাঠাতে হবে। ভিডিওতে কোনো ধরনের অডিও বা ভিডিও এডিটিং গ্রহণযোগ্য হবে না। আগ্রহী প্রতিযোগীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে নির্ধারিত অনলাইন ফর্ম অথবা ই-মেইলের মাধ্যমে ভিডিও পাঠাতে হবে। ভিডিওর সঙ্গে প্রতিযোগীর নাম, অভিভাবকের নাম, মোবাইল নম্বর ও ঠিকানা উল্লেখ করা বাধ্যতামূলক। প্রতিযোগিতায় অংশ নিতে ২০০ টাকা ফি দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। একজন প্রতিযোগী একটি মোবাইল নম্বর ব্যবহার করে মাত্র একবার নিবন্ধনের সুযোগ পাবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পাবেন পবিত্র ওমরাহ পালনের সুযোগ। দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি ডেস্কটপ কম্পিউটার এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ। এ ছাড়া সেরা ১০ বিজয়ী প্রতিযোগীর জন্য থাকছে আকর্ষণীয় স্মারক ও বিশেষ পুরস্কার। প্রতিযোগিতা প্রসঙ্গে স্বপ্নসিঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, শিশু-কিশোরদের মধ্যে ইসলামি সংস্কৃতির চর্চা ও নাতে রাসুলের প্রতি ভালোবাসা সৃষ্টির পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রতিযোগিতা-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরবর্তী আপডেট স্বপ্নসিঁড়ি সাংস্কৃতিক ফোরামের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে। আইও/ |