
|
সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক
প্রকাশ:
০৬ জুলাই, ২০২৬, ০৬:৪৮ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক দেশের সব আলিয়া মাদরাসায় প্রতিদিন সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে দেশের সব মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সোমবার (৬ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদার স্বাক্ষরিত নির্দেশনাটি দেশের সব মাদরাসায় পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে দৈনিক সমাবেশ (পিটি) এবং নিয়মিত খেলাধুলার আয়োজন অত্যাবশ্যক। এ পরিপ্রেক্ষিতে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদরাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)-দের নিজ নিজ প্রতিষ্ঠানে প্রতিদিন সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, যেসব মাদরাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ শূন্য রয়েছে, সেসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে খেলাধুলায় দক্ষ ও উপযুক্ত একজন শিক্ষককে সাময়িকভাবে এ দায়িত্ব দিতে হবে। একই সঙ্গে শূন্য পদগুলো বিধি অনুযায়ী দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর আশা প্রকাশ করেছে, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলাবোধ এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে। /আইও |