সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫০ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন আটকে থাকা আমানতের মূল টাকা ফেরত পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় গ্রাহকদের ভিড় বেড়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে টাকা উত্তোলনের আবেদন গ্রহণ শুরু হয়েছে।

রাজধানীর মতিঝিল ও দিলকুশার বিভিন্ন শাখায় সকাল থেকেই গ্রাহকদের আবেদন জমা দিতে দেখা যায়। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের আমানতের মূল অর্থ এককালীন পরিশোধ করা হবে।

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে সংকটে পড়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে। এসব ব্যাংকের আমানতকারীরা দীর্ঘদিন ধরে তাদের অর্থ ফেরতের অপেক্ষায় ছিলেন।

ব্যাংক কর্মকর্তারা জানান, গ্রাহক চাইলে শুধু মূল টাকা (প্রিন্সিপাল) উত্তোলনের আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে জমাকৃত মুনাফা পাবেন না। অন্যদিকে যারা হিসাব চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী মুনাফা পাওয়ার সুযোগ বজায় রাখবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট শাখায় আবেদন করতে হবে। আবেদনে হিসাবে থাকা অর্থ, উত্তোলনের পরিমাণ ও প্রয়োজনের কারণ উল্লেখ করতে হবে। নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও আবেদন করার দিন থেকে সর্বোচ্চ ১০ কর্মদিবসের মধ্যে অর্থ পরিশোধের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

আইও/