‘আপনাদের জন্য কি কেউ দীনের পথেও ফিরতে পারবেন না!’
প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০৩:৫৪ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি সম্প্রতি ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং আল্লাহর নামে জীবনের পাপ থেকে মুক্ত হয়ে সুন্দরভাবে মৃত্যুবরণ করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তাঁর এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য নিয়ে সমালোচনা করেছেন অনলাইন অ্যাকটিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদী ওরফে সাইমুম সাদী।

নিজের ফেসবুক পোস্টে তিনি পপির বক্তব্যের নিচে কিছু মানুষের করা অশালীন ও বিদ্রুপাত্মক মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি লেখেন, পপি বলেছেন, ‘আল্লাহ খোদার নাম নিয়ে সব পাপ ধুয়ে মুছে সুন্দরভাবে মরতে চাই।‘ এরপর তাঁর বক্তব্যের কমেন্টে দাড়ি-টুপি ও পাগড়ি পরা কিছু মানুষও অশালীন মন্তব্য করছেন বলে অভিযোগ করেন তিনি।

সাইমুম সাদী লেখেন, ‘কেন ভাই, আপনাদের জন্য কেউ কি দীনের পথে ফিরে আসতেও পারবে না? দীনের একমাত্র ঠিকাদার আপনারা?’

পপির জন্য বিদ্রুপের পরিবর্তে দোয়া করা উচিত ছিল মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের উচিত ছিল উনার জন্য দোয়া করা। কিন্তু তা না করে বিদ্রুপাত্মক অশালীন মন্তব্য করছি।’

নিজের বক্তব্যের পক্ষে একটি হাদিসের ঘটনাও উল্লেখ করেন সাইমুম সাদী। তিনি লেখেন, যুদ্ধের সময় মৃত্যুর আগে এক ব্যক্তি কালেমা পড়েছিলেন। ওই ব্যক্তি মৃত্যুভয়ে কালেমা পড়েছেন মনে করে এক সাহাবি তাকে হত্যা করেন। বিষয়টি জানতে পেরে নবীজি (সা.) অসন্তোষ প্রকাশ করে প্রশ্ন করেছিলেন, ‘তুমি কি তার হৃদয় চিরে দেখেছিলে যে সে আসলেই ঈমান এনেছিল কি না?’

অনলাইনে ইসলামি মূল্যবোধ নিয়ে কথা বলা ব্যক্তিদেরও আত্মসমালোচনার আহ্বান জানান তিনি। ফেসবুক ব্যবহারের প্রসঙ্গ টেনে সাইমুম সাদী বলেন, অনলাইনে থেকে নারীদেহ দেখা বা ‘চোখের জিনা’ থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখা কঠিন। তাই অন্যদের নিয়ে বড়ত্ব দেখানোর আগে নিজের আমল ও আচরণের দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘এদেশে কিছু কিছু ইসলামপন্থী ইসলামের জন্য ক্ষতিকর।’ একই সঙ্গে তিনি আল্লাহর কাছে ‘এসব আবাল ইসলামপন্থী থেকে ইসলামকে হেফাজত’ করার দোয়া করেন।

সাইমুম সাদীর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামি মূল্যবোধ, তওবা ও ধর্মীয় জীবনে ফিরে আসা ব্যক্তিদের প্রতি সমাজের আচরণ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আইও/