
|
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
প্রকাশ:
৩১ আগস্ট, ২০২৬, ০২:৩৯ দুপুর
নিউজ ডেস্ক |
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। যারা সবাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। সচিব জানান, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। হালনাগাদে ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন। ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন। তিনি আরও জানান, ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬ এর মাধ্যমে দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করে তা ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করা হয়েছে। আবেদনগুলোর ওপর গৃহীত সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে তালিকায় সংযোজন করে আজ ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে। ভোটের ৪৫ দিন আগে তফসিল ঘোষণার নিয়ম অনুযায়ী, নভেম্বরে ভোট হলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হতে পারে। কমিশন সূত্রে জানা গেছে, প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পৌরসভা নির্বাচনও আয়োজন করা হতে পারে। এরপর উপজেলা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। আরএইচ/ |