
|
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী!
প্রকাশ:
৩১ আগস্ট, ২০২৬, ১১:৩৮ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ঢাকাই চলচ্চিত্রে দীর্ঘদিন আলো ছড়িয়েছেন তারা। অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা ও পরিচিতি পেয়েছেন। তবে সময়ের সঙ্গে বদলে গেছে তাদের জীবনযাত্রা। পর্দার ব্যস্ততা থেকে নিজেদের অনেকটাই গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় দুই অভিনেত্রী সাদিকা পারভীন পপি ও তানিয়া বৃষ্টি। তাদের ঘিরে এখন আলোচনায় এসেছে ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপনের বিষয়টিও। অভিনেত্রী সাদিকা পারভীন পপি অবশ্য নিজেই জানিয়েছেন, জীবনের বাকি সময় ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান তিনি। এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে পপি বলেন, ‘জীবনের বাকি সময়টা ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চাই।’ অভিনয় থেকে দূরে সরে নতুনভাবে জীবন কাটানোর ইচ্ছার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। পপির ভাষায়, ‘সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই। যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’ ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। ‘মেঘের কোলে রোদ’, ‘কি জাদু করিলা’, ‘রানী কুঠির বাকি ইতিহাস’ ও ‘বস্তির রানী সুরিয়া’সহ বেশ কিছু সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে, জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে নিয়েও সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে। জটিল অসুস্থতা ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে সুস্থ হয়ে দেশে ফেরার পর তাঁর ব্যক্তিজীবনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা আলোচনা চলছে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন আলোচনায় দাবি করা হচ্ছে, তানিয়া বৃষ্টি নাকি অভিনয়জীবন থেকে সরে গিয়ে নতুন পেশা বেছে নেওয়ার পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন করতে চান। তবে এ বিষয়ে তাঁর পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে। দীর্ঘ অসুস্থতার পর একজন মানুষের জীবন ও মূল্যবোধে পরিবর্তন আসা অস্বাভাবিক নয়। কঠিন সময় পার করে অনেকেই জীবনের অগ্রাধিকার নতুন করে নির্ধারণ করেন। তানিয়া বৃষ্টির ক্ষেত্রেও এমন কোনো পরিবর্তন ঘটেছে কি না, তা সময়ই বলে দেবে। আরএইচ/ |