এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ০৬:১০ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ মহানগরের পর এবার জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর স্বাক্ষরিত এক সাংগঠনিক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণার কথা জানানো হয়।

নতুন কমিটিতে মাওলানা ফেরদাউসুর রহমানকে আহ্বায়ক, মুফতী তৈয়ব আল হোসাইনকে যুগ্ম আহ্বায়ক, মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়াকে সদস্যসচিব এবং মুফতী মাসউদুর রহমানকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা মোস্তফা কাসেমী, মুফতী শিব্বির আহমদ, মাওলানা সালাউদ্দীন, মাওলানা জাকারিয়া আল ফরহাদ, মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা শফিকুল ইসলাম।

প্রজ্ঞাপনে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে নারায়ণগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কাউন্সিল সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে একই দিনে নারায়ণগঞ্জ মহানগর শাখার জন্যও ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ফলে মহানগরের পর এবার জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে সংগঠনের সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম আরও জোরালো হলো।দলীয় সূত্রে জানা গেছে, নতুন আহ্বায়ক কমিটির প্রধান লক্ষ্য হবে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং নির্ধারিত সময়ের মধ্যে জেলা শাখার পূর্ণাঙ্গ কাউন্সিল সম্পন্ন করা।

আইও/