
|
জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ:
২৯ আগস্ট, ২০২৬, ০৯:০৪ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুছিয়ায় সম্মানিত শিক্ষক ও আলেমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। এ সময় পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মহব্বত অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ। শনিবার (২৯ আগস্ট) সকালে জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ন্যাশনাল ওলামা এলায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মাহমুদ জিহানসহ দলটির নেতৃবৃন্দ সাক্ষাতে অংশ নেন। এ সময় জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম ও জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা মুবারাকুল্লাহ, জামিয়ার মুহাদ্দিস ও জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মারুফ কাসেমী, জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন আফতাবী এবং জেলা হেফাজতে ইসলামের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল হাফিজের সঙ্গে তারা মতবিনিময় করেন। সাক্ষাৎকালে বিভিন্ন বিষয়ে পারস্পরিক আলোচনা ও কুশল বিনিময় হয়। পাশাপাশি ভবিষ্যতেও পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও মহব্বতের সম্পর্ক অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সাক্ষাতে এনসিপি নেতৃবৃন্দ জামিয়া ইউনুছিয়ার শিক্ষক ও আলেমদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত আলেমরাও পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আইও/ |