
|
নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া
প্রকাশ:
২৯ আগস্ট, ২০২৬, ০৫:৪৪ বিকাল
নিউজ ডেস্ক |
পটুয়াখালী প্রতিনিধি সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জনকারী পটুয়াখালীর বাউফলের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় বিশ্বজয়ী এই হাফেজের হাতে সম্মাননা হিসেবে নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমাদের বাউফলে আল্লাহ তায়ালা কোরআনের যে নেয়ামত দান করেছেন, তার মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। পবিত্র কোরআনের উছিলায় আন্তর্জাতিক বিশ্বে বাউফলকে তুলে ধরার যে সুযোগ আল্লাহ তায়ালা দিয়েছেন, এটি তাঁর পক্ষ থেকে বড় নেয়ামত। এই ধারাবাহিকতা ধরে রাখতে ভবিষ্যতে যা কিছু করার প্রয়োজন, আমরা তা করব, ইনশাআল্লাহ।’ তিনি আরও বলেন, বাউফলকে বিশ্বমঞ্চে তুলে ধরার এই ধারা অব্যাহত থাকবে। শুধু পটুয়াখালী, বরিশাল কিংবা বাংলাদেশে নয়, একদিন আন্তর্জাতিকভাবেও বাউফলকে সবাই চিনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আল্লাহ তায়ালা ইতোমধ্যে আমাদের কবুল করেছেন। এ জন্য জাকারিয়া, তাঁর পরিবার এবং সম্মানিত শিক্ষকদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ পরে তিনি বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সংবর্ধনার জবাবে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বলেন, ‘আপনারা অনেক কষ্ট করে এসেছেন, কোরআনের ভালোবাসা থেকে এসেছেন। আল্লাহ তায়ালা কোরআনের প্রতি আপনাদের ভালোবাসাকে কবুল করুন। আমার জন্য দোয়া করবেন—আল্লাহ তায়ালা যেন আমাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করেন।’ উল্লেখ্য, হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামে। তাঁর বাবা মাওলানা নুরুল আমিন এবং মা ইয়ানুর বেগম। আইও/ |