পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত
প্রকাশ: ০১ জুলাই, ২০২৬, ০৯:০৭ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক-

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের উপকণ্ঠে একটি কোচিং সেন্টারের ছাদ ধ্বসে পড়ে ১৪ শিশু নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। দুর্ঘটনার পর ঘটনাটির তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যেই দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) লাহোরের কাহনা এলাকায় একটি বেসরকারি কোচিং সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে ১০ বছরের কম বয়সী কয়েকজন শিশুকেও উদ্ধার করা হয়েছে।

জরুরি সেবা সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র ফারুক আহমেদ বিবিসিকে জানান, মঙ্গলবার বিকেলে তারা এ দুর্ঘটনার খবর পান। তিনি বলেন, এক ঘণ্টার মধ্যেই উদ্ধার অভিযান শেষ করা হয়। উদ্ধার হওয়া বেশির ভাগ শিশুর বয়স ছিল সাত থেকে ১১ বছরের মধ্যে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের একজনের চাচা পরিচয় দেয়া ৪৫ বছর বয়সী জহির বার্তাসংস্থা এএফপিকে বলেন, ভবনটির ছাদের অবস্থা আগে থেকেই খারাপ ছিল। তিনি জানান, শিশুরা পড়াশোনা করার সময় ছাদের টাইলস মেরামতের কাজ চলছিল। তার ভাষায়, ‘হঠাৎ করেই অনেক শিশুর ওপর ছাদ ভেঙে পড়ে।’

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ এ ঘটনাকে ‘হৃদয়বিদারক ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইংরেজিতে দেয়া এক বার্তায় তিনি বলেন, ১৪ নিরীহ শিশুর প্রাণহানি অপূরণীয় ক্ষতি। শোকাহত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা।

আওয়ার ইসলাম/জেডএম