তরুণ আলেমদের বিশেষ মিটআপে শায়খ ইলিয়াস গুম্মান
প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ১০:২৪ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে বাংলাদেশের তরুণ আলেমদের নিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ মিটআপ। এতে মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাপী সমাদৃত দেওবন্দের মুখপাত্র শায়খ ইলিয়াস গুম্মান। অনুষ্ঠানে দেশের একঝাঁক তরুণ মুহাক্কিক আলেম অংশ নেন।

দীর্ঘ সময় ধরে চলা এ মিটআপে ইলম, আমল, আকিদা, দেওবন্দিয়াত এবং সমকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাণবন্ত আলোচনা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শায়খ ইলিয়াস গুম্মান অত্যন্ত সুবিন্যস্ত ও প্রাঞ্জল ভাষায় দেওবন্দীয়াত ও আকিদা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এ সময় বাংলাদেশের তরুণ আলেমরাও নিজেদের ইলম, গবেষণামনস্কতা ও প্রজ্ঞার পরিচয় তুলে ধরেন। তাঁদের আলোচনায় সমকালীন বিভিন্ন বিষয়ে গভীর চিন্তা ও গবেষণার পাশাপাশি দেওবন্দের ইলমি ঐতিহ্য ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ফুটে ওঠে।

মিটআপে শায়খ লুৎফর রহমান ফরায়েজী, শায়খ আতাউল করিম মাকসুদ, শায়খ বেলাল বিন আলী, মাওলানা আবদুল্লাহ আল ফারুক, মাওলানা নুরুযযামান নাহিদ এবং সদ্য কারামুক্ত মাওলানা আইনুল হক কাসেমীসহ একঝাঁক তরুণ মুহাক্কিক ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির আয়োজন করেন মুফতি রেজাউল করিম আবরার ও মুফতি শামসুদ্দোহা আশরাফী ।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন তরুণ আলেমদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, ইলমি গবেষণা ও চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেওবন্দের ইলমি উত্তরাধিকারকে ধারণ করে বাংলাদেশের তরুণ আলেমদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও এটি কার্যকর ভূমিকা রাখবে।

আরএইচ/