
|
‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’
প্রকাশ:
২৫ আগস্ট, ২০২৬, ০৮:২২ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক সিরাতুন্নবীর (সা.) আদর্শ ও নীতির আলোকে রাষ্ট্র পরিচালনা করা হলে জুলাইয়ের আন্দোলনের প্রত্যাশা পূরণ সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। পবিত্র ১২ রবিউল আউয়ান উপলক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। পীর সাহেব চরমোনাই বলেন, রাসুলুল্লাহ (সা.) মানবসভ্যতার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে সর্বজনস্বীকৃত। তিনি যে দ্বীন নিয়ে এসেছেন, তাতে ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, রাসুলুল্লাহ (সা.)-এর প্রদর্শিত নীতিতে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, আজও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে রাসুলুল্লাহ (সা.)-এর প্রদত্ত জীবনবিধান অনুসরণের কোনো বিকল্প নেই। তাঁর আদর্শ ও নীতিই মানবজাতির জন্য শান্তি, ন্যায় ও কল্যাণের পথ দেখাতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান। তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণ করেন। তাই রাষ্ট্র পরিচালনায়ও তাঁর নীতি ও আদর্শ অনুসরণ করাই যুক্তিসংগত। পবিত্র ১২ রবিউল আউয়ানের এই দিনে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, ব্যক্তি জীবনে সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে এবং বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে শরিয়াহ অনুসরণ করতে হবে। তাহলেই ইহকাল ও পরকাল—উভয় জীবন শান্তিময় ও কল্যাণময় হবে। আইও/ |