
|
২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন
প্রকাশ:
২৫ আগস্ট, ২০২৬, ০৬:৫০ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক: মাদরাসা পরিচালনাকে আরও আধুনিক, দক্ষ ও যুগোপযোগী করার লক্ষ্যে প্রথমবারের মতো তিন দিনব্যাপী ‘মাদরাসা পরিচালনা প্রশিক্ষণ-২০২৬’ আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। গত ২২ থেকে ২৪ আগস্ট ঢাকার আফতাবনগরে আস-সুন্নাহ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে দেশের ৪৯টি জেলা থেকে বাছাইকৃত ২১০ জন মাদরাসা পরিচালক অংশ নেন। আয়োজকরা জানান, প্রশিক্ষণের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ব্যাপক সাড়া পড়ে। এতে অংশ নিতে দেশের ৪৯টি জেলা থেকে আবেদন করেন ৩ হাজার ৬৭৩ জন মাদরাসা পরিচালক। আসনসংখ্যা সীমিত হওয়ায় আবেদনকারীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ২১০ জনকে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশন জানায়, একটি মাদরাসার সাফল্য শুধু অবকাঠামো কিংবা শিক্ষার্থীর সংখ্যার ওপর নির্ভর করে না; বরং দক্ষ নেতৃত্ব, সুশাসন, মানসম্মত শিক্ষা এবং কার্যকর প্রশাসনিক ব্যবস্থাপনার ওপরও তা নির্ভরশীল। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় মাদরাসা পরিচালকদের আধুনিক ব্যবস্থাপনা, আর্থিক স্বচ্ছতা, মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তির ব্যবহার ও সংকট মোকাবিলায় দক্ষ করে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। তিন দিনের প্রশিক্ষণে শিক্ষা নেতৃত্ব, মাদরাসা শিক্ষার ভাবমূর্তি রক্ষা, সুশাসন, সংকট ব্যবস্থাপনা, আধুনিক পাঠদান পদ্ধতি, সহশিক্ষা কার্যক্রম, মানবসম্পদ ব্যবস্থাপনা, শিক্ষক উদ্বুদ্ধকরণ, অফিস ও আবাসিক ব্যবস্থাপনা এবং আর্থিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া দ্বন্দ্ব নিরসন, শিক্ষাপ্রতিষ্ঠানের ডিজিটালাইজেশন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আবেগীয় বুদ্ধিমত্তা (ইমোশনাল ইন্টেলিজেন্স) এবং শিক্ষার্থীদের মনস্তত্ত্ব ও ব্যক্তিত্ব বিশ্লেষণের জন্য এমবিটিআই (MBTI) নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে-কলমে বিভিন্ন বিষয় শেখানোর পাশাপাশি মাদরাসা পরিচালনায় বাস্তবভিত্তিক সমস্যা মোকাবিলা ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের কৌশল নিয়েও আলোচনা করা হয়। আয়োজকরা বলেন, মাদরাসা পরিচালনাকে সময়োপযোগী ও কার্যকর করতে দক্ষ নেতৃত্ব গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে পরিচালক, মুহতামিম ও প্রশাসনিক দায়িত্বশীলদের দক্ষতা বাড়লে প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনা ও শিক্ষার মানও উন্নত হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদরাসা পরিচালকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইও/ |