দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ
প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৬:৩৩ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালকদের দক্ষতা বৃদ্ধি এবং মাদ্রাসা শিক্ষায় আরবি ও জাতীয় শিক্ষার কার্যকর সমন্বয়ের লক্ষ্যে সাত দিনব্যাপী পূর্ণ আবাসিক ‘ইস্তেদাদি প্রশিক্ষণ’ আয়োজন করেছে ইতমিনান বোর্ড বাংলাদেশ।

গত শনিবার (২২ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত মাদরাসা আবু হুরায়রায় এ প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাত দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রতিষ্ঠান পরিচালকদের দক্ষ, দূরদর্শী ও যুগোপযোগী নেতৃত্ব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ইতমিনান বোর্ড বাংলাদেশ ধারাবাহিকভাবে পরিচালক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির আয়োজনে এবং মাদরাসা আবু হুরায়রার ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণের ২০টি ব্যাচ সম্পন্ন হয়েছে। এসব ব্যাচে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন পরিচালক অংশ নিয়েছেন।

ইতমিনান বোর্ড বাংলাদেশের প্রধান মুফতি মুসা খান বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন অনেকাংশেই পরিচালকের দক্ষতা, দূরদর্শিতা ও নেতৃত্বের ওপর নির্ভর করে। এ কারণেই পরিচালকদের দক্ষতা বৃদ্ধির জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাতদিনব্যাপী পূর্ণ আবাসিক ‘ইস্তেদাদি প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকরা জানান, প্রশিক্ষণে আরবি ও জাতীয় শিক্ষার সমন্বিত কার্যক্রম পরিচালনা, পাঠদানের মান পর্যবেক্ষণ এবং শিক্ষার কার্যকর ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানপ্রধানদের বাস্তব দক্ষতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাতদিনের প্রশিক্ষণে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারী পরিচালকরা নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষকদের পাঠদান পদ্ধতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সক্ষমতা অর্জন করবেন।

বিশেষ করে ইংরেজি ভাষার ফনিক্সভিত্তিক পাঠদান পদ্ধতি, সঠিক উচ্চারণ, রিডিং কৌশল এবং শিশুদের কার্যকরভাবে ইংরেজি শেখানোর বিভিন্ন পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি গণিত ও বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন এবং পাঠদানের কার্যকারিতা মূল্যায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী পরিচালকরা আরবি ও জাতীয় শিক্ষার সমন্বিত শিক্ষা ব্যবস্থা, ইংরেজি ফনিক্স, গণিত ও বিজ্ঞানসহ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন।

তাদের মতে, দক্ষ পরিচালক তৈরির মাধ্যমে দক্ষ শিক্ষক, মানসম্মত পাঠদান এবং যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাই এ প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য।

আইও/