ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরও দুই সদস্য
প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৮:৩৪ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদে আরও দুই সদস্য যুক্ত হয়েছেন। দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এ মনোনয়ন দেন।

সোমবার (২৯ জুন) দলের পক্ষ থেকে জানানো হয়, গঠনতন্ত্রের ধারা-১৪ (গ) অনুযায়ী মাওলানা ইমতিয়াজ আলম ও আল্লামা খালিদ সাইফুল্লাহকে কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ধারা-১৫ (চ) অনুযায়ী আতিকুর রহমান নান্নু মুন্সিকে কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মনোনীত করা হয়েছে।

এর আগে গত ২৭ জুন ঢাকায় অনুষ্ঠিত দলের বিশেষ শুরা অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ৪৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। এতে মাওলানা গাজী আতাউর রহমানকে মহাসচিব করা হয়। পাশাপাশি ১১ সদস্যের প্রেসিডিয়াম ও ২৪ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।

নবমনোনীত উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা ইমতিয়াজ আলম নব্বইয়ের দশকের শুরুতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাকালীন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহকারী মহাসচিব ও যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন। এছাড়া দীর্ঘদিন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।

উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া আল্লামা খালিদ সাইফুল্লাহ দেশের একজন প্রথিতযশা আলেম, রাজনীতিবিদ এবং একাধিকবার নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি হজরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর জামাতা হিসেবেও পরিচিত।

অন্যদিকে মজলিশে শুরার নতুন সদস্য আতিকুর রহমান নান্নু মুন্সি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রবীণ ও ত্যাগী সংগঠক। তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা আমির মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম (রহ.)-এর ঘনিষ্ঠ সহচর হিসেবে দীর্ঘদিন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।

আইও/