‎জামিয়া কাসেম নানুতবী ঢাকায় দিনব্যাপী সিরাত কর্মশালা
প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০১:২৯ দুপুর
নিউজ ডেস্ক

পবিত্র ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরী (২৬ আগস্ট ২০২৬, বুধবার) উপলক্ষে রাজধানীর রামপুরায় অবস্থিত ‘জামিয়া কাসেম নানুতবী ঢাকা’-র উদ্যোগে দিনব্যাপী ব্যতিক্রমধর্মী সিরাত কর্মশালা ও ‘মাহফিলে ইশকে নবী (সা.)’ আয়োজিত হতে যাচ্ছে। প্রশিক্ষণে অংশ নেবেন প্রতিশ্রুতিশীল লেখক ও সিরাত গবেষক ওলামায়ে কেরাম।

‎আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। এবং বিজয়ীদের জন্য থাকবে বিশেষ পুরস্কার।

‎জানা যায়, আগামীকাল (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিশেষ সিরাত কর্মশালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির উদ্বোধন করবেন বরেণ্য লেখক, সিরাত গবেষক ও শিক্ষক মাওলানা ইয়াহ্ইয়া ইউসুফ নদবী।

‎কর্মশালা শেষে বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘মাহফিলে ইশকে নবী (সা.)’। এতে ‘ইশকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আমাদের সালাফ’ বিষয়ে সিরাতভিত্তিক মূল আলোচনা পেশ করবেন জামিয়া কাসেম নানুতবী ঢাকার শাইখুল হাদিস, বরেণ্য লেখক ও সিরাত গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন।

‎আরও জানা যায়, এ কর্মশালায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ৬৩ বছরের জীবনকে তিন সেশনে আলোচনা করা হবে:

‎১. নবীজি (সা.)-এর জন্ম থেকে নবুওয়াত: ধারাবাহিক ঘটনা ও শিক্ষা।

‎২. নবীজি (সা.)-এর নবুওয়াত থেকে হিজরত: ধারাবাহিক ঘটনা ও শিক্ষা।

‎৩. নবীজি (সা.)-এর হিজরত থেকে ওফাত: ধারাবাহিক ঘটনা ও শিক্ষা।

‎কর্মশালার প্রধান বৈশিষ্ট্য হিসেবে আয়োজকরা জানিয়েছেন, প্রতি সেশনে সহজ উপস্থাপনার পাশাপাশি থাকবে সমৃদ্ধ লেকচার শিট ও চিত্রের মাধ্যমে বিষয়বস্তু ফুটিয়ে তোলার ব্যবস্থা। এবং সেশন শেষে উপস্থিত পরীক্ষা এবং বিজয়ীদের জন্য থাকবে বিশেষ পুরস্কার।

‎এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে মাহফিলে নাত পরিবেশন করবেন কলরবশিল্পী মাওলানা ইমতিয়াজ উদ্দীন মাসরুর, নাতশিল্পী মাওলানা মুস্তাকিম বিল্লাহ মাকনুনসহ অন্যান্য জনপ্রিয় শিল্পীবৃন্দ ।

কর্মশালার সার্বিক স্পন্সরশিপে রয়েছে ‘সিরাত রিসার্চ ইনস্টিটিউট (SRI)’ এবং শুভেচ্ছান্তে রয়েছেন জামিয়া কাসেম নানুতবী ঢাকার মুহতামিম মুফতী ইমদাদুল ইসলাম।

যাতায়াত স্থান:

‎ঢাকার যেকোনো স্থান থেকে রামপুরা টিভি সেন্টারের ঠিক বিপরীতে, মেইন রোডের ওপরেই অবস্থিত (৩৯০/ওসি, পশ্চিম রামপুরা,) জামিয়া কাসেম নানুতবী ঢাকা।

‎যেকোনো তথ্যের জন্য ০১৭১৬৮০১২৭৬ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

আরএইচ/