গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি বেসামরিক নিহত
প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৯:৪৪ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক-

২০২৫ সালের ১০ অক্টোবর দুপুরে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক হামলা প্রায় প্রতিদিনই অব্যাহত রয়েছে, যার ফলে অন্তত ১,০৩১ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৩,৩০৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্যসংস্থা। 

বিভিন্ন সূত্রে জানা যায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বেশিরভাগ দিনই ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে, যা চুক্তিটির বাস্তবায়ন এবং বেসামরিক নাগরিকদের মনে সৃষ্টি করেছে গুরুতর উদ্বেগ। 

ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, অব্যাহত সামরিক অভিযানের কারণে ব্যাপক মানবিক দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং এই সহিংসতার প্রধান শিকার হচ্ছেন বেসামরিক নাগরিকরা। আবাসিক এলাকা ও অন্যান্য বেসামরিক এলাকা বারবার হামলার শিকার হয়েছে, যা গাজার মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। সেখানে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়ে আছেন এবং খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি ও অত্যাবশ্যকীয় পরিষেবার তীব্র ঘাটতির সম্মুখীন।

ইসরায়েলের দাবি, তাদের সামরিক অভিযানগুলো সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এবং হামাসের নিরাপত্তা হুমকি ও কথিত লঙ্ঘনের জবাবে পরিচালিত হয়। তবে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবিক সংস্থাগুলো যুক্তি, চলমান হামলাগুলো অসামঞ্জস্যপূর্ণভাবে বেসামরিক নাগরিকদের ক্ষতিগ্রস্ত করেছে এবং যুদ্ধবিরতিকে দুর্বল করে দিয়েছে।

সূত্র: মুসলিম মিরর

জেডএম