পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার মিলল ৪৩ বস্তা টাকা
প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ০৯:৪৮ সকাল
নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দানবাক্স ৬ মাস পর খোলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দানবক্সে এবার মিলেছে ৪৩ বস্তা টাকা। ধারণা করা হচ্ছে, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে এবারের দান।

শনিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে দানবাক্সগুলো খোলা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে জেলা প্রশাসক সোহানা নাসরিন ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানের উপস্থিতিতে দানবাক্স খোলার কাজ শুরু হয়। দানবাক্স থেকে টাকাগুলো প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। পরে সেখানে ঢেলে শুরু হয় গণনা কার্যক্রম।

এর আগে, গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ৩৫ বস্তা টাকা। সে সময় ৩ মাস ২৭ দিনে টাকা জমা পড়েছিল দানবাক্সগুলোতে।

দিনভর গুনে দেখা গেছে, সেখানে জমা পড়েছে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়াও পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপা। তবে এবারে সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

টাকা গণনায় অংশ নেন পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার ১১০ জন, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ ছাত্র, মসজিদের ৩৩ স্টাফ, রূপালী ব্যাংকের ১০০ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দানবাক্স খোলার খবর শুনে মসজিদের আশপাশে ভিড় করেন উৎসুক মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত হাঁস, মুরগি, গরু, ছাগলসহ নানা ধরনের জিনিসপত্র দান করেন অনেকে।

জেডএম/