‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’
প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ০২:৪২ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

জামালপুর জেলা ছাত্র জমিয়তের নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় ছাত্র জমিয়তের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাবেক ছাত্র জমিয়ত নেতা হাফেজ সৈয়দ নাঈম আহমদের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধকারী বলে মন্তব্য করেন এবং উচ্চ আদালতে রায়ের পূর্ণাঙ্গ পুনর্বিবেচনার দাবি জানান।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় জামালপুর শহরের রিউ ত্যারা রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ-সভাপতি মুহাম্মদ নূর হোসাইন।

বক্তারা বলেন, একই মামলায় অন্য আসামিরা বেকসুর খালাস পেলেও কেবল হাফেজ সৈয়দ নাঈম আহমদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান জনমনে ন্যায়বিচার নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। তাদের দাবি, এ রায় বিচারিক বৈষম্যের একটি স্পষ্ট দৃষ্টান্ত।

তারা আরও বলেন, একজন ব্যক্তি প্রায় দুই দশক ধরে বিচারাধীন অবস্থায় কারাভোগ করার পর মৃত্যুদণ্ডের রায় পাওয়ায় বিচারব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হওয়া স্বাভাবিক। জুলাই-পরবর্তী বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশার প্রেক্ষাপটে বৈষম্যমূলক কোনো রায় দেশের ছাত্রসমাজ মেনে নিতে পারে না।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, উচ্চ আদালতে রায়ের পূর্ণাঙ্গ পুনর্বিবেচনার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাহদী হাসান ইয়ামিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নেতারা জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন গ্রহণ করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি আল-আমীন ও জুনায়েদ বিন কাসেম, অর্থ সম্পাদক মুশাররফ হোসাইন এবং ছাত্রনেতা মুজাম্মেল হক, আব্দুল্লাহ আল মেরাজ, আপন হোসাইনসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

আইও/