
|
ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী
প্রকাশ:
২৪ জুন, ২০২৬, ০৮:১৩ রাত
নিউজ ডেস্ক |
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের জন্য মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এ পদে নিয়োগ দেওয়া হবে। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। মোস্তাফিজুর রহমান তার প্রশ্নে জানতে চান, সম্মিলিত ইসলামী ব্যাংককে পূর্ণাঙ্গভাবে কার্যকর ও সচল করতে অর্থ মন্ত্রণালয়ের কী পরিকল্পনা রয়েছে। জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫-এর আওতায় থাকা পাঁচটি ব্যাংকের গ্রাহকেরা বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তাঁদের আমানত উত্তোলন করতে পারছেন। এর মধ্যে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনোনীত করেছে এবং তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এ ছাড়া পর্ষদে পরিচালকও নিয়োগ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আরও বলেন, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। নিয়োগ-প্রক্রিয়া চলমান রয়েছে। নতুনভাবে গঠিত পরিচালনা পর্ষদ অর্থ বিভাগের নিবিড় তত্ত্বাবধানে ব্যাংকটিকে দ্রুততম সময়ে পূর্ণাঙ্গভাবে কার্যকর ও স্বাভাবিক লেনদেন চালুর লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, এ লক্ষ্যে সাংগঠনিক কাঠামো ও চাকরি প্রবিধানমালা প্রণয়ন, আইটি ও কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস), জনবল এবং শাখা একীভূতকরণসহ বিভিন্ন কার্যক্রম চলছে। পাশাপাশি কোম্পানি সেক্রেটারি, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নিয়োগের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। এসব কার্যক্রম সম্পন্ন হলে ব্যাংকটির স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পুরোপুরি চালু করা সম্ভব হবে। আইও |