‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’
প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ১০:৩২ দুপুর
নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কওমি মাদরাসার সনদের স্বীকৃতি শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ নগরীর মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের ঘোষিত ১৩ দফা শিক্ষা দাবি আদায়ের লক্ষ্যে বিশিষ্ট আলেমেদীন, শিক্ষাবিদ, আইনজীবী, দ্বীনদার-বুদ্ধিজীবী ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়।

মুহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে এবিএম সিরাজুল মামুন বলেন, জ্ঞান অর্জন ও চরিত্র গঠনের মাধ্যমেই কেবল একটি নৈতিক সমাজ গঠন সম্ভব। ছাত্রসমাজকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ চরিত্র গঠন করতে হবে এবং দেশ ও জাতির ইতিবাচক পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, কওমি মাদরাসার সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুধু আশ্বাস কিংবা কাগজে সীমাবদ্ধ থাকলে চলবে না। দ্রুত এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে কওমি শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, কওমি সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ইসলামী ছাত্র মজলিস ঘোষিত ১৩ দফা দাবি পূরণ করা সময়ের অপরিহার্য দাবি। একটি সুশিক্ষিত, নৈতিক ও সুসংগঠিত ছাত্রসমাজই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে সন্ত্রাসী কার্যক্রমের আস্ফালনে উদ্বেগ প্রকাশ করে তিনি তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া গোলটেবিল বৈঠকে সংগঠনের কেন্দ্র ঘোষিত ১৩ দফা শিক্ষা দাবির ধারণাপত্র উপস্থাপন করেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা. শাহাদাত হোসেন তৌহিদ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর সালেহ আহমদ, সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যাপক ও খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের সভাপতি মুফতি মামুন ফেরদাউস, লেখক মাওলানা আমিনুর রহমান নড়াইলী, ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ জেলা সভাপতি আনাস আহমদ, সাবেক মহানগর সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, জেলা সভাপতি মুফতি তৌফিক বিন হারিছ, মুহাম্মদ নাঈম ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মুহাম্মদ মাহফুজ খাঁন, ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরের অফিস সম্পাদক রায়হান বিন রফিক, উপস্থাপক ভাবুক মুহিব ইমতিয়াজ, খেলাফত মজলিস ফতুল্লা থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান এবং সিরাজুল উলুম আদর্শ নগর মাদরাসার মুদাররিস মুফতি আবু রায়হান।

এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন শাফিন আব্দুল্লাহ শাকিল, ফতুল্লা থানা সভাপতি নূর নবী ইসলাম নাঈম, সেক্রেটারি আবু হুরায়রা, সরকারি তোলারাম কলেজ সভাপতি আমির মুহাম্মদ সিয়াম, বক্সনগর শাখার বায়তুলমাল সম্পাদক জাওয়াদুল ইসলাম, নাজিম হাসান, মেহরাফ হাসান আসিফ, সাইয়্যেদাইন আহমদ প্রমুখ।

আরএইচ/