
|
‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’
প্রকাশ:
২১ জুন, ২০২৬, ০৬:৫০ বিকাল
নিউজ ডেস্ক |
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি দাবি করেন, গাইবান্ধায় রামমূর্তি স্থাপনকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক এবং কিছু ব্যক্তির বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। রোববার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা আবদুল কাইয়ূম এমন উদ্বেগের কথা জানান। তিনি বলেন, দেশ বর্তমানে একটি সংকটপূর্ণ সময় অতিক্রম করছে। একদিকে সীমান্ত এলাকায় ‘পুশ-ইন’-এর ঘটনা ঘটছে, অন্যদিকে দেশের অভ্যন্তরে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে অস্থিরতা বাড়ছে। আহমদ আবদুল কাইয়ূম বলেন, গাইবান্ধায় বিশ্বের সবচেয়ে বড় রামমূর্তি স্থাপনের উদ্যোগ নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে। তার ভাষ্য, হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনার জন্য মন্দিরই স্বাভাবিক স্থান। সে ক্ষেত্রে রাজপথে বড় আকারের রামমূর্তি স্থাপনের উদ্যোগের উদ্দেশ্য নিয়ে আলোচনা ও বিতর্ক তৈরি হওয়া স্বাভাবিক। বিবৃতিতে আহমদ আবদুল কাইয়ূম বলেন, মূর্তি স্থাপনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে কিছু ব্যক্তির বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে বলে তিনি দাবি করেন। বিশেষ করে আইনজীবী চৈতালী চক্রবর্তীর কথিত বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিদেশি সহায়তায় আলাদা হিন্দু প্রদেশ গঠনের মতো বক্তব্য রাষ্ট্রের জন্য উদ্বেগজনক। আহমদ আবদুল কাইয়ূম বলেন, ‘জয় শ্রী রাম’ স্লোগানকে কেন্দ্র করেও বিতর্ক রয়েছে। তাঁর মতে, এটি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যগত স্লোগান নয়; বরং ভারতের রাজনৈতিক পরিমণ্ডলে বহুল ব্যবহৃত একটি স্লোগান। তিনি দাবি করেন, রাজনৈতিক পরিবর্তনের বিভিন্ন সময়ে দেশের মুসলমান, বিশেষ করে ইসলামপন্থী জনগোষ্ঠী, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ের নিরাপত্তায় ভূমিকা রেখেছে। এ বিষয়টি দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে বলে উল্লেখ করেন তিনি। ইসলামী আন্দোলনের এই নেতা আরও বলেন, কয়েকজন হিন্দু নেতার বক্তব্যে বিদেশি সহায়তা বা আন্তর্জাতিক সম্পৃক্ততার প্রসঙ্গ যেভাবে এসেছে, তা কেবল সামাজিক বা আইনি দাবির ভাষা নয়; বরং বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপটের ইঙ্গিত বহন করে বলে তাঁর আশঙ্কা। বিবৃতির শেষাংশে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বাংলাদেশের হিন্দু নাগরিকরা নিরাপদ পরিবেশে বসবাস করছেন। তবে সাম্প্রতিক সময়ে কিছু উসকানিমূলক বক্তব্য ও হুমকিকে স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি। আইও |