কবি আল মুজাহিদী আর নেই
প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ০৩:২২ দুপুর
নিউজ ডেস্ক

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি, গবেষক, সম্পাদক ও সাহিত্যসেবী আল মুজাহিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৯ জুন) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি ছিলেন।

১৯৪৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণকারী আল মুজাহিদী বাংলা সাহিত্যের ষাটের দশকের অন্যতম গুরুত্বপূর্ণ কবিকণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কবিতায় বাংলাদেশের মাটি, মানুষ, ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও জাতিসত্তার গভীর অনুসন্ধান প্রতিফলিত হয়েছে। প্রকৃতি, প্রেম, মানবজীবন, জাতীয় চেতনা এবং আত্মদর্শন তাঁর কাব্যচর্চার প্রধান বিষয়বস্তু ছিল।

দীর্ঘ সাহিত্যজীবনে তিনি কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। সাংবাদিকতা ও সাহিত্য সম্পাদনার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। দীর্ঘদিন তিনি দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং নতুন লেখকদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০০৩ সালে তাঁকে একুশে পদকে ভূষিত করে। তাঁর সাহিত্যকর্মে গ্রামীণ জীবনের আবহ, ইতিহাস-ঐতিহ্যের অন্বেষণ, সমাজ-রাজনীতির গভীর পর্যবেক্ষণ এবং মানবিক মূল্যবোধের শক্তিশালী প্রকাশ ঘটেছে। ফলে তাঁর রচনা শুধু নান্দনিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জাতির সাংস্কৃতিক ও বৌদ্ধিক ঐতিহ্যেরও মূল্যবান দলিল হয়ে উঠেছে।

দুই বাংলার সাহিত্যপ্রেমীদের কাছেও তিনি ছিলেন সমানভাবে শ্রদ্ধেয় ও সমাদৃত। শেকড়ের প্রতি গভীর অনুরাগ, মানুষের প্রতি মমত্ববোধ এবং সময়কে গভীরভাবে উপলব্ধি করার সক্ষমতা তাঁর লেখনিকে করেছে স্বতন্ত্র ও কালজয়ী।

কবি আল মুজাহিদীর প্রয়াণে বাংলা সাহিত্য অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। তাঁর সৃষ্টিকর্ম, চিন্তা ও সাহিত্যভাবনা আগামী প্রজন্মকে দীর্ঘদিন অনুপ্রাণিত করবে। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে তিনি শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।

আইও