
|
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি
প্রকাশ:
১০ আগস্ট, ২০২৬, ০২:৫৫ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক কওমি মাদরাসার সনদের রাষ্ট্রীয় স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে কওমি শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ সমন্বয়কারী প্রতিষ্ঠান আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান এবং সর্ববৃহৎ বোর্ড বেফাকুল মাদারিসিল আলাবিয়া বাংলাদেশের সভাপতি বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। গত ৬ আগস্ট বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী ও সেক্রেটারি জেনারেল জাকরিয়া হোসাইন জাকির স্বাক্ষরিত স্মারকলিপিটি আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয়ে পেশ করা হয়। স্মারকলিপিতে বলা হয়, কওমি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো সম্পন্ন হয়নি। ফলে উচ্চশিক্ষা, সরকারি-বেসরকারি চাকরি ও প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে কওমি সনদধারীরা নানা জটিলতা ও বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। কওমি সনদের স্বীকৃতির প্রকৃত সুফল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর ও প্রতিষ্ঠানের মাধ্যমে এর পূর্ণাঙ্গ ও কার্যকর বাস্তবায়ন জরুরি বলে উল্লেখ করা হয় স্মারকলিপিতে। এতে আরও বলা হয়, কওমি শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নেতৃবৃন্দের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিটি গ্রহণ করেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যানের পক্ষে অফিস সম্পাদক মাওলানা অছিউর রহমান এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। আরএইচ/ |