
|
কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল তামীরুল মিল্লাত মাদ্রাসাছাত্রের
প্রকাশ:
০৯ আগস্ট, ২০২৬, ১২:২২ দুপুর
নিউজ ডেস্ক |
গাজীপুর মহানগরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আলী (১৭) পাবনা জেলার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। তার মায়ের নাম শাপলা বেগম। ইয়াসিন পরিবারের সঙ্গে গাজীপুরা কাজীপাড়া এলাকায় নাজিমুদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল ইয়াসিন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার মাথায় আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের কর্মকর্তা ও সদস্যরা এবং টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত ইয়াসিনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে গেছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করেছে। লাশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পালিয়ে যাওয়া চালককে শনাক্ত করে আটকের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরএইচ/ |