
|
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’
প্রকাশ:
০৮ আগস্ট, ২০২৬, ১০:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের যাবতীয় বই-পুস্তক নিষিদ্ধের দাবিতে আগামী ১৫ আগস্ট রাজধানীতে অনুষ্ঠিতব্য জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে কাদিয়ানিদের ‘মুখোশ উন্মোচন’ করা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান। তিনি বলেন, আগামী ১৫ আগস্টের উলামা মাশায়েখ সম্মেলনে কাদিয়ানী সম্প্রদায়ের ঈমান বিধ্বংসী কার্যক্রম ও তাদের প্রতারণার মুখোশ দেশ ও জাতির সামনে উন্মোচিত হবে, ইনশাআল্লাহ। ঈমান-আকিদা রক্ষায় দেশের উলামায়ে কেরাম এক ছাতার নিচে এসে চূড়ান্ত আন্দোলন গড়ে তুলবেন। শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর খিলগাঁওয়ে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় মাখজানুল উলূমে আয়োজিত এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ১৫ আগস্ট শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে ‘জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের যাবতীয় বই-পুস্তক নিষিদ্ধের দাবিতে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত সভায় ১৫ আগস্টের সম্মেলনের প্রস্তুতি ও সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় নেতৃবৃন্দ জানান, সম্মেলন সফল করতে ইতোমধ্যে হলরুম বুকিং এবং দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আল্লামা শায়েখ সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সরকারের ধর্মবিষয়ক মন্ত্রী মোফাজ্জল হোসাইন কাইকোবাদ। সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ১৫ আগস্টের সম্মেলন সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরীর ১০টি জোন এবং ঢাকা জেলা উত্তর, দক্ষিণ ও পূর্ব জোন শাখায় নিয়মিত মতবিনিময় সভা করা হচ্ছে। তিনি জানান, ইতোমধ্যে ঢাকা মহানগরীর মিরপুর, লালবাগ, গুলিস্তান, যাত্রাবাড়ী ও উত্তরা জোন এবং ঢাকা জেলা উত্তরের সাভার, আশুলিয়া ও ধামরাই জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাকি জোনগুলোতেও ধারাবাহিকভাবে মতবিনিময় সভা করা হবে। সম্মেলন সফল করতে দেশের সর্বস্তরের আলেম-উলামা ও তৌহিদী জনতার প্রতি আহ্বান জানান মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। পর্যালোচনা সভায় সংগঠনের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মুফতী বশিরুল্লাহ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা মূসা বিন ইজহার, মাওলানা মুজিবুর রহমান হামেদী, মাওলানা শিব্বির আহমাদ কাসেমী, মুফতী কিফাযাতুল্লাহ আজহারী, মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী, মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা রাশেদ বিন নূর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরএইচ/ |